নেটফ্লিক্স ইনকরপোরেশনের আদলে অনলাইনে একটি ই-লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে অ্যামাজন। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ইতিমধ্যে ডিজিটাল লাইব্রেরির জন্য বই সংগ্রহে নেমেছে অ্যামাজন। এ লক্ষ্যে তারা বিভিন্ন প্রকাশকদের সঙ্গে আলোচনাও শুরু করেছে।

তবে বেশকিছু প্রকাশনা প্রতিষ্ঠান অ্যামাজনের সঙ্গে কাজ করতে অনীহা দেখাচ্ছে বলে জানা গেছে। দাম এবং শর্তে বনিবনা না হওয়ায় অ্যামাজনকে বই সরবরাহে অনীহা প্রকাশ করছে এসব প্রতিষ্ঠান। তাদের অভিযোগ অ্যামাজনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বইয়ের খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। প্রকাশকেরা এতে সম্পৃক্ত হলে, তাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সম্পর্কের অবনতি হবে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, ইলেক্ট্রনিক বই [ই-বুক] পড়ার ডিভাইস কিন্ডেল রিডারের সাফল্যের পর ডিজিটাল লাইব্রেরি প্রকল্পেও অ্যামাজন সফল হবে, এ লক্ষ্যে অ্যামাজন অ্যাপলের আইপ্যাডের অনুরূপ একটি ট্যাবলেট পিসিও বাজারে নিয়ে আসছে। গ্রাহকেরা বার্ষিক একটি নির্দিষ্ট ফি দিয়েই বিশ্বের বিভিন্ন বই এ পরিষেবার মাধ্যমে সংগ্রহ ও পড়তে পারবেন। প্রাথমিকভাবে ৭৯ ডলারে এক বছরের জন্য বই পড়ার সুযোগ দেবে অ্যামাজন। তবে ডিজিটাল লাইব্রেরির প্রাথমিক কার্যক্রম শুরু হলেও অ্যামাজন কবে এ পরিষেবা চালু করবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।


No comments:
Post a Comment